ডিমলা নীলফামারী, প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় ডিমলা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
জানা গেছে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-২৭ সালের কর্মসূচি ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে।
ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলায় গবাদিপশু ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে বিপুলসংখ্যক খামারি সম্পৃক্ত রয়েছেন। উপজেলায় গরুর খামার রয়েছে প্রায় ৭হাজার ৮০০টি এবং ছাগলের খামার রয়েছে ২ হাজার ১৩৮টি। গরুর সংখ্যা প্রায় ২ লাখ ৫ হাজার ১২১টি এবং ছাগলের সংখ্যা প্রায় ২ লাখ ৩৫ হাজার। এছাড়া উপজেলায় বছরে দুধ উৎপাদন প্রায় ২৮ হাজার ৩০০ মেট্রিক টন এবং মাংস উৎপাদন প্রায় ২ হাজার মেট্রিক টন। ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান আসাদ সভাটি সঞ্চালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রবীন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আরিফুর ইসলাম লিটন, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী রোকনুজ্জামান বকুল, সাবেক সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, ওহেদুজ্জামান বাবুল এবং ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-জীবিকার সঙ্গে প্রাণিসম্পদ খাতের গভীর সম্পর্ক রয়েছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের জোগান নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা আরও বলেন, খামারিদের আধুনিক পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে পশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের গবাদিপশু পালন, সুষম খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং খামারিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় স্থানীয় খামারি ও সংশ্লিষ্টদের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।