ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রইসুল আলম চৌধুরী, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক সদস্য সচিব হালিমুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা আশিকুর রহমান আকিক ও মো. লিমন হোসেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফুটবল খেলার আয়োজন করা হয়।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।