আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুদ ও নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির তৈরির অভিযোগে পৌর শহরের দে মিষ্টান্ন ভাণ্ডারসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে শেরপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের নালিতাবাড়ী শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানকালে শহরের নিলামপট্টিস্থ দে মিষ্টান্ন ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যসামগ্রী পাওয়া যায়। একইসাথে ভিতরে মিষ্টি তৈরির কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করতে দেখা যায়। পরে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা না থাকায় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
অন্যদিকে দক্ষিণ বাজারের হোটেল শারমিনকে মিষ্টি তৈরিতে ভেজাল পাওয়ায় ৫ হাজার টাকা, রেজাউলের জিলাপি ও গুলগুলির দোকানকে ২ হাজার এবং আব্দুল হালিমের দোকানকে আরও এক হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
এছাড়াও শহরের মধ্যবাজারস্থ বিভিন্ন কসসেমটিকস এর দোকানকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কসমেটিকস বিক্রি না করতে সতর্ক করা হয়।
এসময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সুলতান মাহমুদ পুলিশ টিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান সাংবাদিকদের জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।