অনলাইন ডেস্ক :
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীন একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২০ ফুট ফিক্সড চিমনিবিশিষ্ট অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক মোঃ নুরুল আমিন প্রধানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বাংলাদেশ পুলিশ, এসআরবি-১৪ এবং ফায়ার সার্ভিস, মধুপুরের সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত আইন বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।