শেরপুর প্রতিনিধি:
শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর সদর উপজেলা শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দেন।
বক্তব্যে গোলাম কিবরিয়া ভিপি বলেন, একজন শিক্ষার্থীর জীবনে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা-মা ও শিক্ষকদের যথাযথ সম্মান না করলে একজন শিক্ষার্থীর ভবিষ্যতে সফল হওয়া কঠিন। তিনি শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে কল্যাণকর ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আনসারী।
এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।