শেরপুর প্রতিনিধি::
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে “গণিতকে করবো জয়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে গণিতের ভীতি দূর করে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “গণিত উৎসব ২০২৬”।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এতে শেরপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৩৭০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উৎসবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেন শেরপুর জেলার পুলিশ সুপার ও প্লেসের সভাপতি এ, কে, এম জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুনাক, শেরপুর-এর সভানেত্রী সাদিয়া রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেস-এর সহ-সভাপতি ও পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, প্লেসের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬উপলক্ষে শেরপুর জেলা পুলিশের এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের গণিতচর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে এ আয়োজন আগামী প্রজন্মকে জ্ঞান, মেধা ও মননশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে।