শেরপুর প্রতিনিধি:
ফার্মাসিস্টদের স্বার্থ রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওষুধ ব্যবসায়ীরা।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শেরপুর শহরের কলেজ মোড় এলাকায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শেরপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ওষুধ ব্যবসা ও ফার্মেসি খাতের সঙ্গে জড়িত কেমিস্ট, ড্রাগিস্ট ও ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু ফার্মাসিস্টদের সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কোর্স পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্তে সাধারণ ওষুধ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, ওষুধ ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সমিতির অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের মতো সমিতির সম্পৃক্ততা বহাল রাখার জোর দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ রমজান আলী বলেন, “কেমিস্ট ও ড্রাগিস্টরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া এবং ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মনীতি অনুসরণে ওষুধ ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ফার্মাসিস্টদের সনদ ও রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনার দাবি জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান, ওষুধ ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।”
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম খোকন তাঁর বক্তব্যে বলেন, “ওষুধ ব্যবসায়ীদের পেশাগত দক্ষতা, প্রশিক্ষণ ও অধিকার রক্ষায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমিতিকে বাদ দিয়ে ফার্মাসিস্টদের সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কোর্স পরিচালনার সিদ্ধান্ত সাধারণ ওষুধ ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা কোনো নিয়মবহির্ভূত কার্যক্রমের পক্ষে নই; বরং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে স্বচ্ছ ও কার্যকর প্রশিক্ষণব্যবস্থা চালু রাখার পক্ষে। তাই সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি রঞ্জন কুমার সাহা, সহসভাপতি শামীম আহমেদ, পরিচালক পরিমল বাবু, লিটন, ওষুধ ব্যবসায়ী ইউনিটের সভাপতি এ কে আনাছ, পরিতোষ সাহাসহ বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, ওষুধ ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা।
এ সময় বক্তারা তাঁদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং কেমিস্ট ও ড্রাগিস্টদের পেশাগত স্বার্থ, মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।