শেরপুর প্রতিনিধি :
মাদককে ‘না’ বলুন, খেলাধুলাকে 'হ্যাঁ' বলুন—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি অংশ নেয়। খেলায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মাইনউদ্দীন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সমিতি বোর্ডের সভাপতি মোঃ মিসবাহ উল হক তুহিন এবং শেরপুর ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের ডিজিএম, এজিএমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ট্রফি ও ২০ হাজার টাকা এবং রানার্সআপ শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়া খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী সেরা খেলোয়াড়কে ১০০০/- টাকা প্রাইজমানি উপহার প্রদান করেন।