
শেরপুর প্রতিনিধি:
সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা।
সোমবার (১০ আগস্ট ২০২৬) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁকে এই জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ ওসি সোহেল রানার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওসি সোহেল রানা তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি শেরপুর সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সাধারণ মানুষের নিরাপত্তা বিধান এবং অপরাধ দমনে ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।