শ্রীবরদী প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে ৩৯ বিজিবি। ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে কর্ণঝোড়া বিওপির টহলদল হারিয়াকোনা এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা সবাই হিন্দু সম্প্রদায়ের। তাদের সবার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়। এদের মধ্যে চার শিশু, তিন নারী ও দুইজন পুরুষ।
বিজিবি জানায়, ভারতে পাচারের জন্য ৪০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয় স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন, সাজু, আজিবর, কালু ও সুমন মিয়ার সাথে। বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরে পৌঁছে। আন্তর্জাতিক সীমানা পিলার ১০৯৫ এর দেড়শ গজ ভিতরে হারিয়াকোনা পাহাড়ের গহীনে সীমান্তে ভারতে প্রবেশের অপেক্ষায় ছিলো। কিন্তু বিজিবির কঠোর নজরদারির জন্য বুধবার তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি। বৃহস্পতিবার রাতে তাদের সীমান্ত পাড়ের কথা ছিলো। কিন্তু বিজিবির কর্ণঝোড়া বিওপির টহল কমান্ডার নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়।
কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আটক নয়জনকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির নায়েক নাজমুল হোসেন বাদী হয়ে
থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।