আসন্ন জামালপুর সদরের ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক সফল ছাত্রনেতা ও উদীয়মান যুবসংগঠক মেহেদী হাসান কনক ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান কনক নিজ বাসভবন থেকে বের হয়ে প্রথমে উপস্থিত সমর্থকদের সালাম জানান এবং পরবর্তীতে শত শত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শরিফপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীরামপুর, হামিদপুর, শ্যামপুর ,মুকুল বাজার, হামিদপুর মোড়, বাদে চান্দি, খলিশাকুড়ি,রণরামপুর চৌরাস্তা, রণরামপুর খাটাপাড়া বাজার, তেঁতুলতলী এবং ডেঙ্গারগড়, শিমলতার, গোদাশিমলা শীলবাড়ি কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়।
পরবর্তীকালে তিনি শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
মেহেদী হাসান কনক শরিফপুরের ঐতিহ্যবাহী রাঙ্গামাটিয়া গ্রামের 'হাজীবাড়ির' সন্তান। তিনি মরহুম আলহাজ শাহাদত হোসেনের একমাত্র নাতি, তার দাদা শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য এবং রাঙ্গামাটিয়া ঈদগাহ সংলগ্ন বড় মসজিদের আজীবন সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর বাবা শাহ আলী বাচ্চু একজন প্রবীণ সাংবাদিক, মানবাধিকার কর্মী, জামালপুর প্রেস ক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং 'দৈনিক পল্লী কণ্ঠ প্রতিদিন' পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।
রাজনৈতিক জীবনে ২০০৮ সালে বিএনপি মরহুম সাইদুর রহমান খোকার হাত ধরে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তীতে যুবদলের নেতৃত্বের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
শরিফপুরকে 'স্মার্ট ও আধুনিক ইউনিয়ন' করার রূপরেখা
শরিফপুর ইউনিয়নকে একটি সুশাসিত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিজের বিস্তারিত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন মেহেদী হাসান কনক। তিনি জানান, নির্বাচিত হলে ইউনিয়ন থেকে মাদক ও জুয়া পুরোপুরি নির্মূল করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। শিক্ষার পরিবেশ উন্নত করতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামোগত সংস্কারের পাশাপাশি মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিতের পদক্ষেপ নেওয়া হবে।
যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়নে অবহেলিত ও খানাখন্দে ভরা রাস্তাঘাটের আমূল পরিবর্তন ঘটানোর প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি তরুণ সমাজকে সুপথে রাখতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটানো হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও আধুনিক বৃত্তিমূলক প্রশিক্ষণের সুব্যবস্থা করা হবে।
এছাড়া সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সর্বদা থেকে সেবা দেওয়া এবং দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও পরিচ্ছন্ন শরিফপুর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এই প্রার্থী।
গণসংযোগকালে মেহেদী হাসান কনক বলেন, "আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথে আছি। দল যদি আমার বিগত দিনের সংগ্রাম ও ত্যাগের সঠিক মূল্যায়ন করে আমাকে মনোনয়ন প্রদান করে, তবে শরিফপুর ইউনিয়নকে একটি সুশাসিত ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। শরিফপুরকে একটি স্মার্ট ও সমৃদ্ধ ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচনে জয়যুক্ত হতে এবং জনসেবার সুযোগ পেতে আমি শরিফপুরবাসীর আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।"