Home » ডিমলার সীমান্তে ভারতে পাচারের সময় বিজিবির অভিযানে ৯৫ বস্তা সার জব্দ

ডিমলার সীমান্তে ভারতে পাচারের সময় বিজিবির অভিযানে ৯৫ বস্তা সার জব্দ

ডিমলা,নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীর ডিমলা সীমান্তে ভারতে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ বিওপির সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশী রাসায়নিক সার ভারতে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল।
অভিযানে মোট ৯৫ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এর মধ্যে ১৫ বস্তা ইউরিয়া, ৬০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা এমওপি সার রয়েছে। জব্দকৃত এসব সারের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দের পর সারের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। কোনো বৈধ কাগজপত্র না থাকায় উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সারগুলো যাচাই করা হলে সেগুলো অবৈধ বলে নিশ্চিত করা হয়।
পরে জব্দ করা সারের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *