
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাজিতখিলা আমির আলী সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য মেজবাহুল ইসলাম শিবলু, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা বুলবুল আহমেদ, জেলা সাইবার ফোর্সের আহবায়ক আজিজুর রহমান, সুলতানপুর টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সদর উপজেলা বিএনপির সদস্য ও ১নং ওয়ার্ডের মেম্বার লাল মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমূখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান সেলিম, মনোয়ার হোসেন, মকবুল হোসেন, জিএম ফরিদ সহ বিদায়ী শিক্ষার্থীরা।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা বুলবুল আহমেদ এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিপিএ-৫ প্রাপ্তিসাপেক্ষে প্রত্যেককে ল্যাপটপ উপহার দেওয়া হবে। ভালো রেজাল্ট প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী পড়ালেখায় কোন সমস্যায় পড়লে সকল সহযোগিতা করার আশ্বস্ত করেন। ছাত্র- ছাত্রীদের লেখাপড়ায় উৎসাহী করতে এমন ঘোষণা দেন তিনি।
তিনি আরো বলেন, যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে পরিশ্রমী হতে হবে। আর পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি। শুধু পড়ালেখা করলেই হবে না আমাদের সকলের মাঝে সততা এবং শৃঙ্খলা থাকতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফলই করলেই হবে না যদি আমাদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ না থাকে তাহলে এটারও কোন মূল্য থাকবেনা।
তিনি বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। আর মাদকের ছোবল এবং স্যোসাল মিডিয়ার কুপ্রভাব থেকে নিজেদের হেফাজত করতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব। তারা বিদায়ী শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় মানপত্র পাঠ করে শোনায় দশম শ্রেণির শিক্ষার্থী।
বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা ও পরীক্ষার ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

