Home » ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : সমবায়ের শক্তিকে ভিত্তি করে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার প্রত্যয়ে শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঝিনাইগাতীর আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সভার সূচনা হয় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. অভিনুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের কালব ডিরেক্টর সাইফুদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কালব লিমিটেড, শেরপুর-এর জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন তগর, শেরপুর জেলার জেলা সমন্বয় কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, সমবায় শুধু একটি সংগঠন নয়—এটি গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম শক্তিশালী মাধ্যম। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় আন্দোলন দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সমবায়ের অগ্রগতি, আয়-ব্যয়ের হিসাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

সবশেষে উপস্থিত সদস্যদের মাঝে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *