Home » শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

 শেরপুর প্রতিনিধি:

শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচি ২০২৬  উদ্বোধন করা হয়েছে। ১৬ মে শনিবার দুপুরে জেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ওই ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

এসময় তিনি বলেন, আগামী পাঁচ বছরে শেরপুর জেলাকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেরপুরের কৃষকদের পাশে থেকে তাদের সকল প্রকার সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাবো। এছাড়া শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসল বা বিভিন্ন সবজি নষ্ট না হয় বা পঁচে না যায় সেজন্য একটি উন্নত প্রযুক্তির হিমাগার করারও চেষ্টা চালিয়ে যাবো। পাশাপাশি এই এলএসডি গোডাউনের ধারণ ক্ষমতা আরও বাড়ানোর জন্য উচ্চপর্যায়ে কাজ করবেন বলেও জানান তিনি।

সদর উপজেলা খাদ্য গুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু সহ আরো অনেকে।

এসময়, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাতেন, বিএনপি নেতা শফিউল আলম চাঁন, এস এম শহিদুল ইসলাম ভিপি, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন সহ সাধারণ কৃষক, ধান- চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ১১ হাজার ২২৯মেট্রিকটন ধান, ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল ও ২ হাজার ১০২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। এ সংগ্রহ কর্মসূচি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *