
নিজস্ব প্রতিনিধি:
আগামী ১লা অক্টোবর নেপালের পর্যটননগরী পোখরায় লেকসাইড এলাকায় শুভ উদ্বোধন হতে যাচ্ছে ‘সজন বাংলাদেশি হালাল রেস্তোরাঁ’। সুদূর প্রবাসে দেশের ঐতিহ্যবাহী ও মানসম্মত হালাল খাবারের স্বাদ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই রেস্তোরাঁটি যাত্রা শুরু করতে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘সজন বাংলাদেশি হালাল রেস্তোরাঁ’টি বাংলাদেশের শেরপুরের ঐতিহ্যবাহী ‘চাপাতলী সজন মাদকাসক্তি ও পূর্ণবাসন কেন্দ্র’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। সমাজসেবামূলক কাজের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় সংস্কৃতির ও খাবারের প্রসার ঘটাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
আসন্ন এই শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেহের খান অপু শেরপুরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই রেস্তোরাঁটি নেপালে ঘুরতে যাওয়া বাংলাদেশি পর্যটকসহ বিশ্ববাসীর কাছে খাঁটি বাংলাদেশি খাবারের এক অনন্য গন্তব্যে পরিণত হবে।
