
জামালপুর প্রতিনিধি।।
আসন্ন জামালপুর সদরের ২নং শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক সফল ছাত্রনেতা ও উদীয়মান যুবসংগঠক মেহেদী হাসান কনক টানা দ্বিতীয় দিনের মতো ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
রবিবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান কনকের নিজ বাসভবন থেকে শত শত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শরীফপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুদা শিমলা বাজার ও চৌরাস্তা বাজারে গিয়ে শেষ হয়।
পরবর্তীকালে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়িক ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
গণসংযোগকালে মেহেদী হাসান কনক বলেন, “আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথে আছি। দল যদি আমার বিগত দিনের সংগ্রাম ও ত্যাগের সঠিক মূল্যায়ন করে আমাকে মনোনয়ন প্রদান করে, তবে শরীফপুর ইউনিয়নকে একটি সুশাসিত ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। আসন্ন নির্বাচনে জয়যুক্ত হতে এবং জনসেবার সুযোগ পেতে আমি আপনাদের সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, মেহেদী হাসান কনক বর্তমানে ২নং শরীফপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং একই ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত শুক্রবার তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে এক বিশাল উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টানা দ্বিতীয় দিনের মতো এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
