
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সীমান্ত এলাকায় মাদক পাচারবিরোধী পৃথক অভিযানে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। জব্দ করা মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ২৯ আগস্ট (শনিবার) পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সর্বমোট মূল্য ১০ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ আরো জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানন তিনি।
