Home » শেরপুরের গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ

শেরপুরের গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহীর আট শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, দুজন স্টাফ এবং খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে আসে। পরে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে পর্যটনকেন্দ্রের আশপাশের পাহাড়ে ঘুরতে যান। এর মধ্যে আট শিক্ষার্থীর একটি দল অবকাশকেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে একদল দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে বেঁধে মারধর করা হয়। পরে তাঁদের কাছে থাকা মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন শিক্ষার্থীসহ তিনজন শিক্ষক, দুজন স্টাফ ও খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারী শুক্রবার সকালে অবকাশকেন্দ্রে আসি। পরে কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যাই। আমাদের আটজনের একটি দল পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে কয়েকজন দুর্বৃত্ত আমাদের আটক করে বেঁধে ফেলে। পরে আমাদের কাছে থাকা মুঠোফোন, মানিব্যাগ ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। পরে অবকাশকেন্দ্রে ফিরে স্থানীয়দের সহায়তায় অন্যদের সঙ্গে একত্রিত হই।’

গজনী অবকাশ পর্যটনকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, ‘আমরা পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলের দিকে যেতে নিষেধ করেছিলাম। তারপরও তাঁরা সেখানে গিয়েছিলেন। ছিনতাইয়ের ঘটনার পর থানায় খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্বৃত্তরা দুর্গম পাহাড়ে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। অবকাশকেন্দ্রে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীরা এজাহার দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, ঘটনাটি অবকাশকেন্দ্রের বাইরে পাহাড়ে ঘটেছে। সেখানে যেতে স্থানীয়রা শিক্ষার্থীদের নিষেধ করেছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *