
অনলাইন ডেস্ক :
তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে ন্যায্যমূল্যের বাইরে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন সার বিক্রেতা প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং অনিয়মের প্রমাণ পাওয়ায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মো: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা এবং অরুনিমা কাঞ্চি সুপ্রভা, উপজেলা কৃষি অফিসার। তারা জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সারের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার ক্রয় করতে পারেন এবং কোনো অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সার বিক্রেতাদের সতর্ক করেন এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন। স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

