Home » ডিমলার তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ৫ জন আটক

ডিমলার তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ৫ জন আটক

 

ডিমলা, নীলফামারী।

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী থেকে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলনের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাত প্রায় ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ তাইজুল ইসলাম (৩৫), পিতা: মোহাম্মদ আলী; মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা: মশিয়ার রহমান; আব্দুল মান্নান (৩০), পিতা: নুর ইসলাম; অলিয়ার রহমান (৪০), পিতা: মফিজ উদ্দিন এবং তারিকুল ইসলাম (২১), পিতা: সাইফুল ইসলাম। তারা সবাই ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোররাতে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা জানান, তারা মূলত শ্রমিক হিসেবে কাজ করেন এবং প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা মজুরি পান। তারা আরও জানান, মমিনুর, আনু, আরিফ, হাফিজুল, সম্রাট ও রাকিব নামের কয়েকজনের মেশিনে তারা কাজ করতেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান বলেন অবৈধভাবে বোমা মেশিন দিয়ে তিস্তা নদী থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যে কেউ জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে।
এ প্রসঙ্গে ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী জেলহাজতে প্রেরনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এলাকাবাসী তিস্তা নদী থেকে পাথর উত্তোলনের ঘটনায় ৫ জনকে আটক করায় সন্তোষ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *