Home » ডিমলায় ভুট্টা ক্ষেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার: এলাকায় আতঙ্ক

ডিমলায় ভুট্টা ক্ষেত থেকে পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার: এলাকায় আতঙ্ক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে একটি ভুট্টা ক্ষেত থেকে পুলিশের সরঞ্জাম ও পোশাক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী ঝগড়ুুর টারি নামক সংলগ্ন এলাকার একটি ভুট্টা ক্ষেতে এসব সরঞ্জাম পড়ে থাকতে দেখে এলাকাবাসী। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে— পুলিশের নামফলক (ন্যামপ্লেট), পোশাক, সিমকার্ড, ধারালো চাকুসহ অন্যান্য আসবাবপত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভুট্টা ক্ষেতের পাশে কাজ করতে গিয়ে এলাকাবাসী পরিত্যক্ত অবস্থায় পুলিশের এসব সরঞ্জাম দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবরটি জানাজানি হলে উৎসুক জনতা সেখানে ভিড় জমান। নির্জন স্থানে পুলিশের ন্যামপ্লেট ও ধারালো চাকু উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা কৌতূহল ও মূর্ত আতঙ্ক বিরাজ করছে। এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অংশ কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। কে বা কারা, কী উদ্দেশ্যে এসব সরঞ্জাম এখানে ফেলে গেছে, তা দ্রুত তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। সাধারণ মানুষ এই রহস্যজনক ঘটনার সঠিক তথ্য জানতে এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও ডিমলা থানার জরুরি হস্তক্ষেপ এবং দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *