
(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ডালিয়া–ডিমলা আঞ্চলিক সড়কের জরাজীর্ণ অংশ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের নেতৃত্বে এবং গয়াবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম মুকুলের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শুটিবাড়ি থেকে ডালিয়া যাওয়ার পথে গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পেছনে সড়কের দুই পাশে ভেঙে গভীর খাদ তৈরি হয়েছে। এতে প্রতিদিন অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানচালক ও সাধারণ যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, ভারী ট্রাক, বালু ও পাথরবাহী ট্রলির নিয়মিত চলাচলের কারণে সড়কের ক্ষতি আরও বেড়েছে। বহুদিন ধরে স্থানীয়রা সড়ক সংস্কারের দাবি জানালেও কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি।
গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) খালিশা চাপানি ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও ডিমলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এই সড়কে দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। তারা দ্রুত সড়ক সংস্কার ও রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডাল কেটে ফেলার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা সোহেল ইসলাম বলেন, “আমরা বারবার জনপ্রতিনিধিদের কাছে সড়ক সংস্কারের দাবি জানিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজ জামায়াতের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে সংস্কার করায় অন্তত কিছুটা হলেও মানুষের যাতায়াত সহজ হলো।”
সংস্কার কার্যক্রমে উপস্থিত জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি জনকল্যাণমূলক ইসলামী আন্দোলন। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থায় মানুষের দুর্ভোগ বেড়েই চলছিল। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছর আমাদের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে এখন জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। জামায়াতের প্রত্যেক কর্মী নিজেদের অর্থ ও শ্রম দিয়ে মানুষের কল্যাণে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
রাস্তা সংস্কারের উদ্বোধন করেন নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আরো উপস্থিত ছিলেন গয়াবাড়ি ইউনিয়ন আমীর রেজাউল করিম মুকুল, যুব বিভাগের সভাপতি আবু তারেক, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহান এবং গয়াবাড়ি- টেপাখরিবাড়ি ইউনিয়নের স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
