
মিজানুর রহমান মিলন, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি’র দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত জনসভায় স্বাগত বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। ওইসম গোলাম কিবরিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই জনপদকে আর দুর্নীতি ও লুটপাটের হাতে ছেড়ে দেওয়া হবে না।
আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।
নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুরস্কের তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাকসুর নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ।
জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
আলোচনা শেষে গণ মিছিল নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জনসভা ও মিছিলে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সহ হাজারো জনতা অংশ নেন।

