
আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষাকেন্দ্র করার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার নন্নীবাজারে অবস্থিত বিদ্যালয়টি তিনি পরিদর্শন করেন। পরিদর্শনশেষে প্রতিষ্ঠানটিকে এসএসসি পরীক্ষাকেন্দ্র করার ঘোষণা দেন বলে জানা গেছে। পরে তিনি ওই বিদ্যালয় মাঠে গাছের চারা রোপন করেন।
এ ঘোষণার মাধ্যমে নন্নীসহ আশপাশ ইউনিয়নের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথ আরো সুগম হলো। পরীক্ষাকেন্দ্রটি চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের নিজ এলাকায় এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।
এ উদ্যোগ বাস্তবায়নে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এবিষয়ে, সাবেক নন্নী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন বলেন- পশ্চিম লালিতাবাড়ী বাসির দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন ছিল নন্নীবাজারে অবস্থিত বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপিত হবে, এ ঘোষণার মাধ্যমে আমরা দ্রুত সেই স্বপ্ন পূরণের আশা করছি। এব্যাপারে এমপি মহোদয় ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খানকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতা প্রত্যাশা করছি।
নন্নী শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষাকেন্দ্র ঘোষণা সম্পর্কে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈদ আহমেদ মুসা এ সাংবাদিককে জানান, স্থানীয় শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে পাশাপাশি এলাকাবাসীর দির্ঘদিনের স্বপ্ন পুরন হবে। আমি এমপি মহোদয় সহ সর্ব মহলের সহযোগিতা কামনা করছি।
