
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন ও চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি।
প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত এ পরিদর্শন কর্মসূচিতে তিনি সরেজমিনে বস্তিবাসীদের আবাসন, স্যানিটেশন, পানি সরবরাহ এবং সামগ্রিক জীবনযাত্রার অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবুওয়াহাব আকন্দ ওয়াহিদ, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এবং ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিশেষ করে বস্তিবাসীদের জন্য টেকসই আবাসন, বিশুদ্ধ পানি, উন্নত স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগপ্রবণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে আগাম প্রস্তুতি ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ কর্মসূচিকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন যে, সরকারের এ ধরনের উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে বাস্তব পরিবর্তন বয়ে আনবে।

