Home » ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ময়মনসিংহ প্রতিনিধি:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় টাউন হলের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এবং ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়া।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনপিপি) নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দল শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত বক্তারা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে শহরজুড়ে ছিল শোকের আবহ ও গভীর শ্রদ্ধার প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *