Home » রমজান উপলক্ষে সারা দেশে পণ্য বিক্রি করবে টিসিবি

রমজান উপলক্ষে সারা দেশে পণ্য বিক্রি করবে টিসিবি

অনলাইন ডেস্ক :

পবিত্র রমজানকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষের সহায়তায় এ বিশেষ বিক্রয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এ কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরে ২০টি, অন্য ৭টি বিভাগীয় শহরে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৫টি জেলা শহরে ৫টি করে—মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পারবেন। এ কার্যক্রমের আওতায় প্রায় ৩৫ লাখ উপকারভোগীর মাঝে ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (৭০ টাকা প্রতি কেজি), ১ কেজি ছোলা (৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (১৬০ টাকা) কিনতে পারবেন।

টিসিবি আরও জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিতরণ কার্যক্রমও চলমান থাকবে। রমজান উপলক্ষে ফেব্রুয়ারিতে ৪০ হাজার ৩০০ মেট্রিক টন এবং মার্চে ৩৩ হাজার মেট্রিক টন পণ্য কার্ডধারীদের জন্য সরবরাহ করা হবে। কার্ডধারীরা আগের নির্ধারিত মূল্যে ভোজ্যতেল, চিনি ও ডাল পাওয়ার পাশাপাশি অতিরিক্ত পণ্য হিসেবে ছোলা ও খেজুর কিনতে পারবেন।

নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে যেকোনো সাধারণ ভোক্তা এ সুবিধা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে টিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *