
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সেচের বিদ্যুতের তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন পোলাদেশী গ্রামের আব্দুল সামাদের পুত্র ছামিদুল। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন একই গ্রামের মিরা’র পুত্র মো. মিন্টু ও উবেদ আলীর পুত্র আঙ্গুর।
কিন্তু উদ্ধার করতে গিয়ে অসতর্কভাবে তারাও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু ও আঙ্গুরকে মৃত ঘোষণা করেন। আহত ছামিদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান, নিহত দুই ব্যক্তির সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, যথাযথ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।

