
শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শেরপুর সদর এবং ঝিনাইগাতী উপজেলায় স্থাপিত বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করায় শেরপুর সদরের মনকান্দায় মেসার্স আশিকা ব্রিকস, মির্জাপুরে মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া কাটাখালী ব্রীজে মেসার্স বিপি ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওইসব অবৈধ ইটভাটাগুলোকে তিন লক্ষ টাকা করে ৩টি ইটভাটায় মোট নয় লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ ইটভাটা গুলোতে তৈরিকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি।
ভ্রাম্যমাণ আদালতে শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
