Home » শ্রীবরদীতে ৪টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ লক্ষ টাকা জরিমানা

শ্রীবরদীতে ৪টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ লক্ষ টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ইটভাটার মালিককে মোট ১২ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন মিতু এবং মোঃ মাহমুদুল হাসান। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানে সহায়তা করে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, শেরপুর পুলিশ লাইন্স এবং শেরপুর সদর থানার পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পূর্বখরিয়ায় মেসার্স মদিনা ব্রিকসে ২,৫০,০০০ টাকা, দহেরপাড়ে মেসার্স শ্রীবরদী জিগজ্যাগ ব্রিকসে ৩,০০,০০০ টাকা, খোশালপুরে মেসার্স একতা ব্রিকসে ৩,০০,০০০ টাকা এবং বলদিয়ারচরে মেসার্স মনিরা ব্রিকসে ৩,৫০,০০০ টাকা সহ ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া তাদের সব কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar