Home » ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিয়াস সাহা সারোয়ার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

অনুষ্ঠানের শুরুতে জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিয়াস সাহা সারোয়ার উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। পরে তিনি স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, “শুধু বিশ্ব হাত ধোয়া দিবসে নয়, প্রতিদিনের জীবনে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর ভালোভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। এ অভ্যাস ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা নিজেরা এ অভ্যাস মেনে চলার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারে। সুস্থ-সবল জীবন গড়তে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ স্বাস্থ্যচর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া স্বর্ণালী, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাক ও সহকারী শিক্ষক রোস্তম আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *