Home » ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতিতে মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতিতে মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম সংবাদ ডেস্ক :

ডেঙ্গু মোকাবিলায় চার মাস আগে থেকে আগাম পরিকল্পনা, চিকিৎসকদের প্রশিক্ষণ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা নিশ্চিত করার ফলে এ বছর ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

১৩ অক্টোবর ঢাকায় বাংলা একাডেমিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি সেমিনার শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, আগের বছরগুলোতে প্রতি হাজার ডেঙ্গু আক্রান্তের মধ্যে পাঁচজনের মৃত্যু হলেও বর্তমানে তা কমে হাজারে তিনজনে দাঁড়িয়েছে। তবে প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রী নিজেও উদ্যোগ নিয়েছেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন সংগঠনের প্রায় এক হাজার তরুণ স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে তিনি পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন। এ ছাড়া প্রতি শনিবার দেশের সব সরকারি প্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু চিকিৎসার মান উন্নয়নে দেশের ৬৪ জেলার মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের প্রায় দুই হাজার চিকিৎসককে রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং মশা ও লার্ভা নিধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। বাড়ির ছাদ, বারান্দার টব, জমে থাকা পানি এবং ভবনের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।

ডেঙ্গুর ভ্যাকসিন প্রসঙ্গে তিনি জানান, এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করে সরকার সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি এডিস মশা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও কাজ চলছে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *