
শেরপুর প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হওয়ার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাসাস।
সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দুই নেতার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শেরপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত জাসাসের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সমর্থকেরা অংশ নেন। তাঁদের হাতে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক বিপু।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাসাসের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, জেলা জাসাসের সদস্য জহুরুল ইসলাম জাপি, শহর জাসাসের আহ্বায়ক হারুন মিয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, মোঃ আল্লামাসহ জেলা জাসাসের অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া শেরপুর সদর, শেরপুর শহর, শ্রীবরদী, নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেন।
শেরপুর জেলা জাসাসের আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক বিপু বলেন,নড়াইলের কালিয়ায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনায় জাসাস নেতা সোহেল মোল্লা ও কৃষকদল নেতা শাহিনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। রাজনৈতিক মতপার্থক্য কখনোই কারও জীবন কেড়ে নেওয়ার অধিকার দিতে পারে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক কর্মসূচি পালন, মতপ্রকাশ ও সংগঠন করার অধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে কাউকে হামলা ও হত্যার শিকার হতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শেরপুর জেলা জাসাসের সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ বলেন,জাসাস একটি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং সাংস্কৃতিক চেতনায় বিশ্বাস করি। নড়াইলের কালিয়ায় জাসাস নেতা সোহেল মোল্লাকে হত্যার ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। একই ঘটনায় কৃষকদল নেতা শাহিনের মৃত্যুও অত্যন্ত দুঃখজনক। একজন রাজনৈতিক কর্মী তাঁর আদর্শ ও সংগঠনের পক্ষে কাজ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে প্রাণ কেড়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
কর্মসূচির শেষ পর্যায়ে নিহত জাসাস নেতা সোহেল মোল্লা আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
শেরপুর জেলা জাসাসের নেতৃবৃন্দ বলেন, অন্যায়, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তাঁরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা, মানুষের নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করার দাবি জানান।
