
শেরপুর প্রতিনিধি:
যেকোনো অগ্নিকাণ্ড ও আকস্মিক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রামীণ হাটবাজারে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এর প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ডা. তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এর প্রচারণা চালানো হয়। পরে দুপুর ২টায় শহরের কানাশাখোলা ও নবীনগর বাজারে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শেরপুর স্টেশন অফিসার জামিল আহমেদের নেতৃত্বে এই বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক এবং স্থানীয় হাটবাজারের সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ফায়ার সার্ভিসের জরুরি সেবা ও করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রচারণাকালে স্টেশন অফিসার জামিল আহমেদ সাধারণ মানুষকে অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এ কল করে দ্রুত সেবা নেওয়ার অনুরোধ জানান তিনি।
