Home » শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে আগত ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার শেরপুর জেলা পুলিশে মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

কর্মশালার শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে শেরপুর জেলা ও জেলা পুলিশের ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন ইউনিটের কার্যক্রম, জনবল কাঠামো, দায়িত্ব ও কর্তব্য এবং সামগ্রিক কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সহিত একটি উন্মুক্ত মতবিনিময় ও আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, মাঠপর্যায়ে পুলিশিং কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করেন। পাশাপাশি তিনি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার -সহ ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *