
বিনোদন ডেস্ক :
দেশের বাইরে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে প্রবাসে থাকলেও ঈদে সিনেমার তালিকায় থাকছে তার অভিনীত নতুন ছবি ‘অফিসার’। সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন এর নায়ক ডি এ তায়েব।
জানা গেছে, আসন্ন ঈদকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে ‘অফিসার’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে প্রচারণা শুরু হয়েছে।
নায়ক ডি এ তায়েব জানান, ঈদে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি গল্প নিয়ে আসছে ‘অফিসার’। তিনি আশাবাদী, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে এবং প্রেক্ষাগৃহে সাড়া ফেলবে।
সিনেমাটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। তিনি বলেন, সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেইভাবে কাজ চলছে। এস জি প্রোডাকশন প্রযোজিত ‘অফিসার’ চলচ্চিত্রে মাহি-ডি এ তায়েব ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, আনহা তামান্না, হাবিব খান, সুমন মাহমুদ, শরীফ সারওয়ার, মুকুল চৌধুরী প্রমুখ।
এর চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ সরকার। চিত্রগ্রহণ করছেন আসাদুজ্জামান মজনু। রূপসজ্জায় রয়েছেন জামাল ও শামীম রেজা।
