
অনলাইন ডেস্ক :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে রাজধানীর জাতীয় স্টেডিয়াম ও জাতীয় ক্রীড়া পরিষদ সংলগ্ন এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার এই পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
অভিযান চলাকালীন প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে স্টেডিয়াম ও এর আশপাশের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কারের নির্দেশ দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।
এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযান শেষে প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে নিজেদের চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং জমানো পানি অপসারণ করতে হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
