Home » গুইমারায় প্রেসক্লাব এর সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারায় প্রেসক্লাব এর সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :

খাগড়াছড়ি জেলার গুইমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট বুধবার দুপুর ১২টায় গুইমারা প্রেসক্লাবে, প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আবদুল আলী। প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না এবং বিশেষ অতিথি ছিলেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সরোয়ারদী।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, তথ্যবিষয়ক সম্পাদক আব্দুর রহিম, আপ্যায়ন সম্পাদক ফোরকানুল হক সাকিব, সদস্য দিদারুল ইসলাম হৃদয়, আশরাফুল ইসলাম বেলাল, মহিউদ্দিন, আবুল বাশার, রুবেল হোসেন ও রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় পরস্পরের সহযোগী। পারস্পরিক সম্মান, নিয়মিত যোগাযোগ এবং আন্তরিক সহযোগিতা আরও শক্তিশালী হলে গুইমারার উন্নয়ন কার্যক্রম অধিকতর গতিশীল হবে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, গুইমারা একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, পর্যটন, আইন-শৃঙ্খলা এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতির ইতিবাচক দিকগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে সাংবাদিকরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে জনদুর্ভোগ, অনিয়ম ও সমস্যাগুলোও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদে তুলে ধরা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
তারা আরও বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা প্রশাসনের কাছে এবং প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
বক্তারা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, উপজেলা প্রশাসন সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে আরও আন্তরিক ভূমিকা রাখবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত ব্রিফিং, উন্মুক্ত যোগাযোগ এবং গঠনমূলক মতবিনিময়ের পরিবেশ বজায় থাকলে ভুল তথ্য ও গুজবের সুযোগ কমবে এবং জনসচেতনতা বৃদ্ধি পাবে।
সভায় বক্তারা আশ্বস্ত করে বলেন, গুইমারা প্রেসক্লাব সবসময় সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। গুইমারার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রেসক্লাব সর্বদা প্রস্তুত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *