
মোঃ ওসমান গনি, বিশেষ প্রতিনিধি:
শেরপুরে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীবর্দী উপজেলায় কুড়িকাহনিয়া ব্রিজের নিচে পানিতে ভাসমান একটি বড় প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শ্রীবর্দী-শেরপুর মহাসড়কের কুড়িকাহনিয়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুড়িকাহনিয়া ব্রিজের নিচে পানিতে একটি বড় প্লাস্টিকের ড্রামে নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
