Home » শেরপুরে সোলার প্যানেল স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিষয়ে অবহিতকরণ সভা 

শেরপুরে সোলার প্যানেল স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিষয়ে অবহিতকরণ সভা 

মিজানুর রহমান মিলন, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে সরকারি দপ্তর ও বাসাবাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হলরুমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর চেম্বার অব কমার্স, ইপিসি কন্ট্রাক্টর, এসএমই ফাউন্ডেশন, শেরপুর প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও অংশীজনরা অংশ নেন।

শেরপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সুশান্ত পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাইনুদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

সভায় সরকারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তর ও বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন, সার্ভিস প্রোভাইডার হিসেবে তালিকাভুক্তির প্রক্রিয়া এবং উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ইতোমধ্যে শেরপুরের প্রায় ৪০ জন উদ্যোক্তা আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আরও উদ্যোক্তা আবেদন করবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *