Home » আইডিয়াল পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইডিয়াল পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে আইডিয়াল পাবলিক স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮এপ্রিল) বিকেলে স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আবু হেলাল। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে পুঁজি করে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রতিষ্ঠানের পরিচালক এবং অনুষ্ঠানের প্রধান আলোচক মো. আব্দুল জলিল মাহমুদ তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পরীক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, সময়ের যথাযথ ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এফ এম সুমন আহমেদ সকল শিক্ষার্থীর সফলতা ও ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আবেগঘন। বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্মৃতিময় শিক্ষা জীবনের শেষ মুহূর্তগুলো ভাগাভাগি করে নেয় এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা লাভ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *