Home » চাঁদাবাজদের জায়গা শেরপুরে হবে না : এমপি হাফেজ রাশেদুল ইসলাম

চাঁদাবাজদের জায়গা শেরপুরে হবে না : এমপি হাফেজ রাশেদুল ইসলাম

 

শেরপুর প্রতিনিধি:

চাঁদাবাজদের জায়গা শেরপুরে হবে না, যেখানেই চাঁদাবাজি করবে সেখানেই জনগণ চাঁদাবাজদের প্রতিহত করবে। শপথ গ্রহণ শেষে শেরপুরে আগমন উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় কামারিয়া ইউনিয়নে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য এসব কথা বলেন, শেরপুর -১ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

এসময় তিনি আরো বলেন, বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তা ঘাটে আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না, আমরা চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর শেরপুর গড়ে তুলবো। অতীতের মতো আর ঘুষ দুর্নীতি চলতে দেওয়া হবে না, বিভিন্ন অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ করা হবে।

এছাড়াও তিনি মাদক ও জুয়ামুক্ত উন্নত সমৃদ্ধ শেরপুর গড়ার কথা জানান।

তিনি শেরপুরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, শেরপুরের উন্নয়ন কর্মকান্ডগুলো আমি আপনাদের সাথে নিয়ে এই অবহেলিত শেরপুরটাকে সাজাবো। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা।

কামারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলার জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহান, নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, কামারিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান সহ আরো অনেকে।

এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *