Home » ঝিনাইগাতীতে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল মতিনের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ভারুয়া বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা আব্দুল মতিন বলেন, তিনি মৃত গাতাইন মারাকের মেয়ে নমুনা সাংমা ও যমুনা সাংমার কাছ থেকে বাঐবাধা মৌজার ৮৬ নং খতিয়ানভুক্ত বিআরএস রেকর্ডমূলে ৪৭১ দাগের ৮০ কাতে ১৫ শতাংশ জমি মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকায় ক্রয় করেন। এসময় তিনি ৫ লক্ষ টাকা যমুনা সাংমাকে পরিশোধ করেন এবং লেনদেনের দলিল স্ট্যাম্পে লিখিত রয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, উক্ত জমির টাকা আত্মসাতের মিথ্যা নাটক সাজিয়ে গত ২৮ সেপ্টেম্বর নমুনা সাংমা ও যমুনা সাংমা সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দেন। তারা উল্লেখ করেন যে, গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে আমি ও আমার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। কিন্তু এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

যুবদল নেতা আব্দুল মতিন আরও বলেন, এর ফলে তার সামাজিক মর্যাদা ও মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা জাতির বিবেক। কলমের শক্তি দ্বারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের সত্যতা জাতির সামনে আপনাদের লিখনীর মাধ্যমে তুলে ধরার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।”

উক্ত সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar