
টাঙ্গাইল প্রতিনিধি:
“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে” এই অনন্য প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলার সদরে অবস্থিত খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ কর্মসূচির আওতায় জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য মোট ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য উপযোগী ও নিরাপদ প্লেগ্রাউন্ড নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আমরা চাই, টাঙ্গাইল জেলার কোনো শিশু শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে আনন্দের মাধ্যমে শিখুক, বেড়ে উঠুক সুস্থ, স্বাভাবিকভাবে।
তিনি আরও জানান, শুধু খেলাধুলা নয়, শিশুদের মধ্যে দেশপ্রেমের বীজ বুনে দিতে প্রতিটি স্কুল প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের একটি করে মুরাল স্থাপন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শিশুরা ছোটবেলা থেকেই দেশের ভূগোল, ইতিহাস ও জাতীয় পরিচয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবে।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, আমাদের লক্ষ্য শুধু বিদ্যালয় কেন্দ্রীক নয়, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়া যেখানে শিশুরা শিক্ষার প্রতি আগ্রহী থাকবে। লেখাপড়াকে আনন্দময় করে তুললেই আমরা ঝরে পড়ার হার কমাতে পারবো। এজন্য শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।
তিনি আরও জানান, এই প্লেগ্রাউন্ডগুলোতে পরিবেশবান্ধব ও শিশুদের জন্য নিরাপদ সরঞ্জাম স্থাপন করা হবে, যাতে করে শিশুরা স্বাচ্ছন্দ্যে খেলতে ও সময় কাটাতে পারে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সকলে জেলা প্রশাসনের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এর সুফল নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
