
প্রথম সংবাদ ডেস্ক :
বিমান বাহিনী প্রধান কর্তৃক ‘বিএএফ শাহীন স্কুল বালুঘাট’ এর নাম উদ্বোধন করা হয়েছে। ২২ নভেম্বর (রবিবার), বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বিএএফ শাহীন স্কুল বালুঘাট’ এর নতুন নাম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিমান বাহিনী প্রধান প্রতিষ্ঠানটির অতীত ঐতিহ্য ও অর্জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট সকলের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আজকের এই দিনটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের দিন নয় বরং এটি একটি নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনা এবং নতুন অভিযাত্রার সূচনালগ্ন। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আজ থেকে ‘বিএএফ শাহীন স্কুল বালুঘাট’ নামে নতুন পরিচয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। এসময়, তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, তিনি শিক্ষকদের আধুনিক শিক্ষাপদ্ধতি ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক, বিমান সদরের সংশ্লিষ্ট পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
