Home » সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার পাশাপাশি দেশপ্রেম জরুরি: ডেপুটি স্পিকার

সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার পাশাপাশি দেশপ্রেম জরুরি: ডেপুটি স্পিকার

 

প্রথম সংবাদ ডেস্ক :

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জরুরি। তিনি বলেন, একজন সুনাগরিক হতে শুধুমাত্র লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সুনাগরিক হতে লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম থাকতে হবে। এই দেশপ্রেম যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা দেশকে তেমন কিছু দিতে পারব না।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হল রুমে নজরুল বর্ষ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিজেদের মধ্যে ধারণ করতে হবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ, তাই দেশপ্রেমকে কখনো দূরে সরিয়ে রাখা যাবে না। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও বাবা-মায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের অবদান সবসময় মনে রাখতে হবে। জীবনে বড় হতে এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বাবা-মা নিজেদের প্রয়োজন ও স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানদের ভালো পোশাক, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করেন। তাঁদের এই ত্যাগ তখনই সার্থক হবে, যখন সন্তানরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শুধু উচ্চশিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না। সমাজে অনেক উচ্চশিক্ষিত মানুষ থাকলেও তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিকতার অভাব দেখা যায়। কেউ কেউ দুর্নীতিতে নিমজ্জিত থেকে নিজেদের সম্পদ ও অট্টালিকা গড়ে তুলছেন, অথচ পাশের মানুষটি অভাব অনটনে দিন কাটাচ্ছে। রাস্তায় কোনো শিশু ক্ষুধার্ত থাকলে সামর্থ্যবান ব্যক্তিরা তাকে সহযোগিতা করতে পারেন। সমাজের প্রতিটি মানুষের মধ্যে অন্যের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে হবে।

অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তাদের সামনে মানবিক, নৈতিক ও দেশপ্রেমের আদর্শ তুলে ধরতে হবে। শিশুদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের সহিংসতা ও শিশুদের প্রাণহানির ঘটনা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ যেন আর কখনো অন্ধকার সময়ের দিকে ফিরে না যায়। দেশকে গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। ধর্ম, বর্ণ কিংবা পরিচয় নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক। প্রত্যেকেরই নাগরিক অধিকার ভোগ করার সুযোগ থাকতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি।

দেশের উন্নয়ন ও কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক বিভাজন ও দলীয় প্রভাবের বাইরে রাখতে হবে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে শিক্ষার্থীদের বঞ্চিত করবেন না। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা দলীয়করণের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করা যাবে না। সন্তানের ভবিষ্যৎ এবং দেশের আগামী প্রজন্মের স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিকরণ থেকে মুক্ত রাখা জরুরি। একটি নতুন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে কলমাকান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও গণমাধ্যমকর্মীগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজন ব্যক্তির হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *