
ময়মনসিংহ প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার এনডিসি মিজ্ ফারাহ শাম্মী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের তাৎপর্য গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মদান বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাঁদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় ভাষা আন্দোলনের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রেরণা তুলে ধরা হয়।
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

