
ময়মনসিংহ প্রতিনিধি:
“সেবার ব্রতে চাকরি” -এই আদর্শকে হৃদয়ে ধারণ করে ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগ কার্যক্রমের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় জেলার ৭১টি শূন্য পদে মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
গতকাল রাত ৯টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। তিনি লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে উত্তীর্ণ ৭১ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশের সেবা করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
নিয়োগ প্রক্রিয়ার শুরুতে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে ৩১৩৮ জন প্রার্থী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (PET)-এ অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬০৫ জন লিখিত পরীক্ষায় অংশ নেন এবং ১৩০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৭১ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে মনোনীত করা হয়।
ময়মনসিংহ জেলা পুলিশের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়া সর্বমহলে প্রশংসিত হয়েছে।
