Home » ​শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

​শেরপুরবাসীকে এমপি হাফেজ রাশেদুল ইসলামের ঈদুল ফিতরের শুভেচ্ছা

শেরপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শেরপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

​এক ভিডিও বার্তায় এমপি রাশেদুল ইসলাম বলেন, “বছর ঘুরে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস মাহে রমজান আমাদের মাঝে এসেছিল। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা আজ পবিত্র ঈদুল ফিতরের সন্নিকটে উপনীত হয়েছি। এ আনন্দঘন মুহূর্তে আমি আমার প্রিয় শেরপুরবাসী এবং যারা দেশ-প্রবাসে রয়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা— ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।”

​তিনি সকলের মঙ্গল কামনা করে বলেন, “আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের রোজা কবুল করেন এবং এই ঈদকে আমাদের জন্য শান্তিময় ও সুখময় করেন।”

​শুভেচ্ছা বার্তায় এমপি রাশেদুল ইসলাম সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “আমরা যারা শিক্ষক, ব্যবসায়ী, শ্রমিক বা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি, তারা যদি নিজ নিজ অবস্থান থেকে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের হক আদায় করি এবং আনন্দ ভাগাভাগি করে নিই, তবেই সমাজ থেকে সকল সমস্যা দূর করা সম্ভব। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় প্রচেষ্টার পাশাপাশি আমাদের আশেপাশের অসহায়, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই এবারের ঈদ সার্থক হয়ে উঠবে।”

​বক্তব্যের শেষাংশে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে বলেন, “নতুন বাংলাদেশে আমরা যারা স্বাধীনতা ও অধিকার পেয়েছি, সেই জুলাই চেতনাকে ধারণ করেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হবে। শহীদ ও আহতদের পরিবারের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”

​পরিশেষে তিনি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *